বিশ্ব দর্পণ ডিজিটাল: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (মহার্ঘ ভাতা) এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই ডিএ প্রদান করা হবে, তবে তার জন্য রাজ্য সরকারকে কিছুটা সময় দিতে হবে।
বৈঠকে তিনি আরও বলেন, আসন্ন বাজেটে ডিএ সংক্রান্ত বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরা হতে পারে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ-র মধ্যে যে প্রায় ৪২ শতাংশের পার্থক্য রয়েছে, তা ধাপে ধাপে কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
অন্যদিকে, পেনশনভোগী এবং দীর্ঘদিন ধরে অস্থায়ী পদে কর্মরত কর্মীদের বিষয়েও আলোচনা হয়। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, তাঁদের স্বার্থরক্ষার জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়াও বৈঠকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। জানানো হয়, নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হবে এবং আগামী এক বছরের মধ্যে প্রায় ৫০ হাজার নতুন চাকরির সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করবে সরকার।
এই ঘোষণাগুলি বাস্তবে কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং চাকরিপ্রার্থীদের।
