বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স, পূর্ব বর্ধমান:
প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা ও দাবিদাওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা)-এর কাছে ডেপুটেশন দিল উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)-এর পূর্ব বর্ধমান জেলা কমিটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৯ জুন (মঙ্গলবার) জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক শিক্ষা) মহোদয়ের কাছে মোট ১৭ দফা সুনির্দিষ্ট দাবি উত্থাপন করা হয়। দাবিগুলির মধ্যে ছিল সাম্প্রতিক টেট-সংক্রান্ত সমস্যার সমাধান, ২০১২ সালের টেট উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকাদের টেট পাশ সার্টিফিকেট প্রদান, প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের অতিরিক্ত ইনক্রিমেন্ট মঞ্জুর করা, বিভিন্ন চক্রের শিক্ষকদের বকেয়া এরিয়ার বিল দ্রুত পরিশোধ, চক্র অফিসগুলিতে দুর্নীতি ও থ্রেট কালচার বন্ধ করা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।
ডেপুটেশনে সংগঠনের চার সদস্যের প্রতিনিধি দল জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের দাবি, প্রতিটি বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক পরিবেশে আলোচনা হয়েছে এবং জেলা বিদ্যালয় পরিদর্শক দাবিগুলির যৌক্তিকতা ও গুরুত্ব স্বীকার করেছেন।
UUPTWA-র দাবি, জেলা বিদ্যালয় পরিদর্শক আশ্বাস দিয়েছেন যে তাঁর প্রশাসনিক ক্ষমতার মধ্যে থাকা সমস্যাগুলির দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, যেসব বিষয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা রাজ্য সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে যুক্ত, সেগুলি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের স্বার্থে তাদের এই আন্দোলন ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষক সমাজের সহযোগিতা ও ঐক্যবদ্ধ সমর্থন আগামী দিনের লড়াইকে আরও শক্তিশালী করবে বলেও সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
