মৃত্যুঞ্জয় রায় | কলকাতা
বাংলা সংগীত জগতের শিল্পীদের স্বার্থরক্ষা, দাবি-দাওয়া এবং বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে গঠিত হল নতুন ফোরাম ‘পারফরমেন্স অফ বেঙ্গল’। সম্প্রতি বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষের নেতৃত্বে টলিউডে এই নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গায়ক, গায়িকা ও সংগীতশিল্পীদের জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম তৈরি করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে।প্রথম বৈঠকেই উপস্থিত ছিলেন বাংলা সংগীত জগতের একাধিক পরিচিত মুখ। বৈঠকে দেখা যায় বিশিষ্ট সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার, ‘শহর’ ব্যান্ডের অনিন্দ্য বসু, রাঘব চট্টোপাধ্যায় এবং সিধু-সহ আরও অনেক শিল্পীকে। বৈঠকে শিল্পীরা নিজেদের অভিজ্ঞতা, সমস্যা, মতামত এবং বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। পরে সেই বিষয়গুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে জানা যায়।বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রুদ্রনীল ঘোষ জানান, ‘পারফরমেন্স অফ বেঙ্গল’ শিল্পীদের জন্য একটি নিরপেক্ষ এবং অরাজনৈতিক মঞ্চ হিসেবে কাজ করবে। তাঁর বক্তব্য, এখানে উপস্থিত প্রত্যেকেই নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছেন এবং মানুষের ভালোবাসা অর্জন করেছেন। শুধু গায়ক বা গায়িকাই নয়, বাদ্যযন্ত্রশিল্পী ও অন্যান্য সংগীতকর্মীরাও এই ফোরামের অংশ হবেন।রুদ্রনীল ঘোষ আরও দাবি করেন, গত এক দশকেরও বেশি সময় ধরে শিল্পী মহলের একটি অংশ সুযোগ-সুবিধা এবং কাজ পাওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তাঁর মতে, শিল্পীদের স্বাধীন মতপ্রকাশ এবং গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতেই এই নতুন মঞ্চ গড়ে তোলা হয়েছে।বৈঠকে শিল্পীদের নিরাপত্তা এবং কাজের পরিবেশের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে শিল্পীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় বলে অভিযোগ করেন উপস্থিত সদস্যরা। বিশেষ করে মহিলা শিল্পীদের নিরাপত্তা, অনুষ্ঠানস্থলে যাতায়াতের সুবিধা, উপযুক্ত কর্মপরিবেশ এবং শো চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।এছাড়াও বাংলা গানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শিল্পীরা। তাঁদের বক্তব্য, বর্তমানে বিভিন্ন এফএম রেডিও চ্যানেলে বাংলা মৌলিক গান ও অ্যালবামের গান তুলনামূলকভাবে কম সম্প্রচারিত হয়। বাংলার মাটিতে বাংলা গানের আরও বেশি প্রচার ও প্রসারের দাবি জানান তাঁরা। সেই সঙ্গে রেডিও মাধ্যমগুলিতে বাংলা অরিজিনাল গানের সম্প্রচার বাড়ানোর আবেদনও জানানো হয়েছে।শিল্পীদের উত্থাপিত বিষয়গুলির প্রেক্ষিতে রুদ্রনীল ঘোষ বলেন, শিল্পীদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত জরুরি। তিনি আশ্বাস দেন, সংগঠনের পক্ষ থেকে সমস্ত দাবি ও প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে প্রয়োজনীয় আলোচনা করা হবে।নতুন এই ফোরামের আত্মপ্রকাশের ফলে বাংলা সংগীত জগতের শিল্পীদের দীর্ঘদিনের নানা সমস্যা ও দাবি সংগঠিতভাবে তুলে ধরার একটি নতুন ক্ষেত্র তৈরি হল বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। শিল্পীদের স্বার্থরক্ষায় ‘পারফরমেন্স অফ বেঙ্গল’ ভবিষ্যতে কতটা কার্যকর ভূমিকা নিতে পারে, সেদিকেই এখন নজর রয়েছে সাংস্কৃতিক মহলের।
