বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক | কাটোয়া, পূর্ব বর্ধমান
দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কাটোয়ার কাশিগঞ্জ শ্মশানঘাট সংলগ্ন গঙ্গার ঘাটে আয়োজিত হলো বিশেষ যোগ শিবির। এবারের আন্তর্জাতিক যোগ দিবসের মূল ভাবনা ছিল “স্বাস্থ্যবান বৃদ্ধাবস্থার জন্য যোগ”। সেই সঙ্গে যোগচর্চার মাধ্যমে গঙ্গাকে দূষণমুক্ত রাখার বার্তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে।
নামামি গঙ্গে প্রকল্পের আওতায় পূর্ব বর্ধমান জেলা গঙ্গা কমিটির আহ্বানে এবং কাটোয়া পৌরসভার পরিচালনায় এই যোগ শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাটোয়া পৌরসভার কর্মচারীদের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সদস্য, ক্রীড়াবিদ এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যোগ কেবল শরীরচর্চা নয়, এটি একটি সুস্থ ও সচেতন জীবনযাপনের পথ। নিয়মিত যোগাসন ও প্রাণায়াম চর্চা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে পরিবেশ ও প্রকৃতি রক্ষার প্রতি মানুষের দায়বদ্ধতাও বৃদ্ধি করে।
পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস বলেন, “সঠিকভাবে যোগাসন ও প্রাণায়ামের অভ্যাস শরীরকে সুস্থ রাখে। আমরা চাই যোগের মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাক এবং গঙ্গা নদীকে দূষণমুক্ত রাখার সামাজিক আন্দোলন আরও জোরদার হোক। প্রকৃতি, পরিবেশ ও যোগ—এই তিনটির সমন্বয়েই সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, যোগ শিবিরে যেমন মানুষ নিজেদের সুস্থ রাখতে অংশগ্রহণ করেছেন, তেমনই গঙ্গার দূষণ রোধে এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে নদীকে পরিচ্ছন্ন ও নির্মল রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার নির্বাহী আধিকারিক চঞ্চল কুমার মণ্ডল। যোগচর্চার পাশাপাশি গঙ্গা সংরক্ষণ ও পরিবেশ রক্ষার গুরুত্ব নিয়ে সচেতনতামূলক বার্তাও তুলে ধরা হয় এদিনের অনুষ্ঠানে।
