দীপঙ্কর সমাদ্দার, বারাসাত
বারাসাতের প্রখ্যাত চিত্র প্রশিক্ষণ কেন্দ্র ‘দিব্যাঙ্গন আর্ট স্কুল’-এর উদ্যোগে চারুকলা আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হলো বার্ষিক অনুষ্ঠান ও চিত্র প্রদর্শনী। শিল্পপ্রেমী দর্শকদের ভিড়ে মুখর হয়ে ওঠে প্রদর্শনী প্রাঙ্গণ। ছাত্র-ছাত্রীদের সৃজনশীল শিল্পকর্মে মুগ্ধ হন উপস্থিত শিল্পী, বিশিষ্টজন এবং দর্শনার্থীরা।অনুষ্ঠানের সূচনা হয় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ইন্দ্রজিৎ বেরা, হরপ্রসাদ চ্যাটার্জী, বিভা বসু, সৌহার্দ্য ঘোষ এবং পুষ্পল ভট্টাচার্য-সহ বহু গুণীজন। তাঁরা প্রদর্শনী ঘুরে দেখে ছাত্র-ছাত্রীদের শিল্প প্রতিভার ভূয়সী প্রশংসা করেন।প্রদর্শনীতে স্থান পাওয়া প্রতিটি চিত্রই দর্শকদের নজর কেড়েছে। রঙ, ভাবনা ও উপস্থাপনার বৈচিত্র্যে শিল্পকর্মগুলি হয়ে উঠেছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষভাবে প্রশংসিত হয়েছে নন্দিনী বিশ্বাস, সোনালী দাস, ঐশীকা পাল, রাজদ্বীপ দাস, সৃজা দাস, শ্রীপর্ণা দেবনাথ এবং অঙ্কিতা মজুমদারের আঁকা ছবি। এছাড়াও অন্যান্য ছাত্র-ছাত্রীদের কাজও সমানভাবে দর্শকদের মন জয় করেছে।দিব্যাঙ্গন আর্ট স্কুলের প্রধান প্রশিক্ষক ও সম্পাদক দীপঙ্কর বিশ্বাস জানান, এই ধরনের প্রদর্শনী ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। নিজেদের শিল্পকর্ম জনসমক্ষে প্রদর্শনের সুযোগ পেলে তারা আরও নিষ্ঠার সঙ্গে ছবি আঁকার চর্চা করে এবং ভবিষ্যতে আরও উন্নত কাজ করার অনুপ্রেরণা পায়। তিনি বলেন, এই প্রদর্শনী ইতিমধ্যেই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।উপস্থিত দর্শকদের একাংশের মতে, বারাসাতে এমন সুশৃঙ্খল ও মানসম্পন্ন চিত্র প্রদর্শনী সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। তরুণ শিল্পীদের প্রতিভা বিকাশে এই ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তাঁরা মত প্রকাশ করেন।অনুষ্ঠানের শেষে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা দীপঙ্কর বিশ্বাসের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে, দিব্যাঙ্গন আর্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা আগামী দিনে শিল্প জগতে আরও বড় সাফল্য অর্জন করবে। তাঁদের মতে, এই প্রদর্শনী শুধু শিল্পচর্চার প্রসারই নয়, নতুন প্রজন্মের সৃজনশীলতাকে বিকশিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
