দীপঙ্কর সমাদ্দার
আগরপাড়া, উত্তর ২৪ পরগনা: প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাকে উপেক্ষা করেও আগরপাড়ার গাঙ্গুলীপাড়ায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো রথ প্রদর্শনী ও প্রতিযোগিতা। পাড়ার বাসিন্দাদের উদ্যোগ ও সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে ছোটদের পাশাপাশি বড়দেরও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
প্রায় ৩০টি সুসজ্জিত রথ নিয়ে এলাকার খুদে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাস্তা পরিক্রমা করে দুর্গাপূজা মণ্ডপে এসে পৌঁছায়। সারাদিন ধরে নিজেদের হাতে সাজানো রথ টেনে নিয়ে যাওয়ার সময় শিশুদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। রঙিন রথের শোভাযাত্রা দর্শকদেরও আকৃষ্ট করে।
অনুষ্ঠানের উদ্যোক্তারা জানান, এ বছরই প্রথমবার এই ধরনের রথ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম বছরেই স্থানীয় মানুষের বিপুল সাড়া ও অংশগ্রহণে তাঁরা অভিভূত। আগামী বছরে আরও বৃহত্তর পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানান তাঁরা।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি রথ ও খুদে প্রতিযোগীকেও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলের জন্য পাঁপড় ভাজার ব্যবস্থা করা হয়। উদ্যোক্তাদের বক্তব্য, বর্তমান মোবাইল ও ডিজিটাল যুগে নতুন প্রজন্ম ধীরে ধীরে আমাদের প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে। তাই শিশুদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও জানান, আগরপাড়ার গাঙ্গুলীপাড়ায় যে কোনও সামাজিক বা সাংস্কৃতিক অনুষ্ঠানে পাড়ার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা এলাকার সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন।
সার্বিকভাবে, খুদেদের উচ্ছ্বাস, বর্ণাঢ্য রথ শোভাযাত্রা এবং স্থানীয় মানুষের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠানটি এক স্মরণীয় সামাজিক-সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়।
