কাটোয়া থেকে আমির মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ
কাটোয়া, পূর্ব বর্ধমান:শিশু ও যুব সমাজকে সুস্বাস্থ্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাটোয়ায় অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলা ক্যারাটে বেল্ট পরীক্ষা। শনিবার, ১০ মে কাটোয়া সুবোধ স্মৃতি রোডে এই পরীক্ষার আয়োজন করে পূর্ব বর্ধমান জেলা বুদুকাই কান ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন। সহযোগিতায় ছিল পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।সংস্থার সম্পাদক সমর দাস জানান, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, গ্রীন, ব্লু ও ব্ল্যাক— এই ছয়টি বেল্ট পরীক্ষায় প্রায় ২৪৫ জন ছেলে-মেয়ে অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষক সাত্ত্বিক দে জানান, ষষ্ঠ বর্ষের এই বেল্ট পরীক্ষায় অনূর্ধ্ব ৫ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৩০ ঊর্ধ্ব পুরুষ ও মহিলারাও অংশ নেন। ফলে এই উদ্যোগের ব্যাপকতা ও জনপ্রিয়তা আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে।জেলা ক্যারাটে সংস্থার সম্পাদক তারক চন্দ্র দে জানান, পূর্ব বর্ধমানের কাটোয়া, দাঁইহাট, অগ্রদ্বীপ-সহ বিভিন্ন এলাকা থেকে প্রতিযোগীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেন। তিনি বলেন, আগামী প্রজন্মকে খেলামুখী করে তোলা এবং ক্যারাটের মান উন্নত করাই এই পরীক্ষার মূল উদ্দেশ্য।বেল্ট পরীক্ষায় অংশগ্রহণকারীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিশিষ্ট শিক্ষক কল্পদ্রুম মন্ডল বলেন, বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত আকর্ষণের কারণে অনেক তরুণ-তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্যারাটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে কাটোয়া থেকে আরও প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং জেলা ও রাজ্যের ক্রীড়াক্ষেত্র আরও সমৃদ্ধ হবে।পরীক্ষা পরিচালনার দায়িত্বে ছিলেন আন্তর্জাতিক ক্যারাটে বিচারক প্রসেনজিৎ ব্যানার্জি। পরীক্ষায় উত্তীর্ণদের শীঘ্রই বেল্ট প্রদান করা হবে।সবশেষে বলা যায়, সমাজে সুস্থ জীবনযাপন ও খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
