মোল্লা জসিমউদ্দিন,
ডিম নিয়ে আক্রমণ বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বিরোধী শিবিরের নেতাদের উপর ‘ডিম হামলা’-এর ঘটনা। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোড়ার ঘটনা সামনে আসার পর একের পর এক বিরোধী নেতাকে ঘিরে একই ধরনের বিক্ষোভ ও হামলা হতে দেখা যায়।সেই ঘটনাগুলিকেই সামনে রেখে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর অভিযোগ, -‘নির্বাচনের ফল প্রকাশের পর বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর হামলা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। আর এই ডিম ছোড়াও ঠিক নয়।’ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটির শুনানির আবেদন জানিয়েছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে খবর, চলতি সপ্তাহেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা ছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, মদন মিত্র এবং সৌগত রায়ের মতো একাধিক বিরোধী নেতার উপর আক্রমণ হয় নির্বাচনের পর থেকে। একটি মিছিলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাতও লাগে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
