বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স, বসিরহাট :
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মামলা থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী Shantanu Thakur।বৃহস্পতিবার বসিরহাটের স্বরূপনগর বিধানসভা এলাকার মালঙ্গপাড়া মাঠে বিজেপি নেতা তারক সাহার উদ্যোগে আয়োজিত ‘বিজয় উৎসব’ কর্মসূচিতে অংশ নিয়ে শান্তনু ঠাকুর দাবি করেন, তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা বর্তমানে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।তিনি বলেন, “তৃণমূল নেতৃত্বদের এখন শুধু পালানোর অপেক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক নেতা নানা বিতর্ক ও অভিযোগে জড়িয়ে পড়ছেন। আগামী দিনে আরও অনেকে দল ছাড়বেন বা অবস্থান বদল করবেন, এটা শুধু সময়ের অপেক্ষা।” কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মামলা থেকে সরে দাঁড়ানোর ঘটনাকেও তিনি বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এলাকার পরিকাঠামো উন্নয়ন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি জানান, বসিরহাট থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুর পর্যন্ত প্রস্তাবিত জাতীয় সড়ক ৩১২ (এনএইচ-৩১২) প্রকল্পের কাজ দ্রুত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁর দাবি, এই সড়ক স্বরূপনগর হয়ে যাওয়ায় উত্তর ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে। প্রকল্প সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে বলেও তিনি জানান।এছাড়াও স্বরূপনগর পর্যন্ত রেলপথ সম্প্রসারণের বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, এই প্রকল্প নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় রেল মন্ত্রকের মধ্যে আলোচনা হয়েছে। তাঁর দাবি, রেল সম্প্রসারণের কাজ বাস্তবায়নের লক্ষ্যে ইতিবাচক পদক্ষেপ চলছে এবং আগামী দিনে এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যেতে পারে।শান্তনু ঠাকুরের এই মন্তব্য ও দাবি ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে, তার জেরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আগামী দিনে আরও উত্তপ্ত হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
