বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক | কোচবিহার নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (AIDSO)। সংগঠনের অভিযোগ, নেতাজির রাজনৈতিক অনুগামীদের ‘গুন্ডা’ বলে মন্তব্য করে তিনি স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ নেতাকে অসম্মান করেছেন।এই প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান করা হয়। পরে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা শমীক ভট্টাচার্যের মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সেই মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।সভায় উপস্থিত ছিলেন AIDSO-র কোচবিহার জেলা কমিটির সভাপতি কৃষ্ণ বসাক, সম্পাদকমণ্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র বর্মন, মেখলিগঞ্জ লোকাল কমিটির সম্পাদক হরেন বর্মন-সহ সংগঠনের ছাত্র-ছাত্রী এবং অন্যান্য সদস্যরা।বক্তারা বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল বাংলার নয়, সমগ্র দেশের গর্ব। তাঁর সম্পর্কে কোনও অবমাননাকর মন্তব্য দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেই অসম্মান করার সামিল। তাই এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।AIDSO-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাজির প্রতি এই ধরনের অসম্মান কোনওভাবেই মেনে নেওয়া হবে না। সংগঠনটি অবিলম্বে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতেও রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়েছে।
