বিশ্ব দর্পণ ওয়েবডেস্ক,
রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দ্রুত পরিশোধের দাবিতে মুখ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যসচিবের কাছে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের একটি বড় অংশ এখনও তাদের প্রাপ্য বকেয়া ডিএ পাননি।
সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্য, ডিএ সংক্রান্ত বিষয়টি দীর্ঘ সময় ধরে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে এগিয়েছে এবং আদালতের বিভিন্ন নির্দেশও রয়েছে। এর মধ্যে কিছু কর্মী ও অবসরপ্রাপ্ত ব্যক্তি বকেয়ার একটি অংশ পেলেও বহু কর্মচারীর প্রাপ্য অর্থ এখনও বাকি রয়েছে বলে অভিযোগ।
সম্প্রতি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের শীর্ষস্তরে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সেই বৈঠকে ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হলেও এখনও পর্যন্ত বকেয়া অর্থ মেটানোর বিষয়ে কোনও নির্দিষ্ট ঘোষণা হয়নি বলে দাবি সংগঠনের।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দ্রুত মিটিয়ে দেওয়ার জন্যই মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবের কাছে আবেদন জানানো হয়েছে। তাঁর দাবি, বকেয়া ডিএ প্রদান নিয়ে অতীতে আশ্বাস দেওয়া হলেও তার পূর্ণ বাস্তবায়ন এখনও হয়নি।
এদিকে ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে অসন্তোষ বজায় রয়েছে। ফলে বিষয়টির দ্রুত সমাধান এবং বকেয়া অর্থ পরিশোধের বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
