— পুলকেশ ভট্টাচার্য্য | পূর্ব বর্ধমান
যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে এবং সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দিতে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো তিনদিনব্যাপী সারা বাংলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত বর্ধমান চিলড্রেন কালচার সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্যোগে ছিল বর্ধমান অক্সিজেন দা মাসুল জিম এবং সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং সংস্থা।
সংস্থার সম্পাদক সমর দাস জানান, সাব-জুনিয়র, জুনিয়র, সিনিয়র ও মাস্টার—এই চারটি বিভাগে মোট ৪১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। রাজ্যের ১৬টি জেলা থেকে অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় যোগ দেন বলে জানান আয়োজকদের সদস্য অভিজিৎ হালদার।
পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক কানাইলাল দে বলেন, নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করা এবং এই খেলার মান উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের খেলোয়াড়দের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
ফলাফলে মহিলাদের দলগত বিভাগে পূর্ব বর্ধমান জেলা চ্যাম্পিয়ন হয় এবং পুরুষদের দলগত বিভাগে জয়ী হয় উত্তর চব্বিশ পরগনা জেলা। প্রতিযোগিতা ঘিরে দর্শক ও প্রতিযোগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং সংস্থার সভাপতি দীনেশ কুমার আগরওয়াল বলেন, বর্তমান সময়ে মোবাইল ও ডিজিটাল জগতের প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে অনেক তরুণ-তরুণী খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। এই ধরনের প্রতিযোগিতা তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন প্রবীর ঘোষ। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আগামী সর্বভারতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
আয়োজকদের আশা, ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরও বড় আকারে অনুষ্ঠিত হবে এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা উঠে এসে ক্রীড়াক্ষেত্রে পশ্চিমবঙ্গকে আরও সমৃদ্ধ করবে।
বর্ধমানে তিনদিনের সারা বাংলা পাওয়ার লিফটিং প্রতিযোগিতা, অংশগ্রহণ ৪১০ প্রতিযোগীর
Related Posts
উত্তর ২৪ পরগনায় লোক আদালতেএকদিনে হাজার হাজার মামলার নিষ্পত্তি, কোটি কোটি টাকার বিরোধের সমাধান
মোল্লা জসিমউদ্দিন, শনিবার সমগ্র উত্তর ২৪ পরগনা জেলায় জাতীয় লোক আদালতে মোট…
মহানগরে বেআইনী নির্মাণে ‘কালো টাকা’? সিবিআই কে তদন্তভার দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন, শুক্রবার মহানগরের বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে বড়…
শ্রীরামপুরে মমতার সভা নিয়ে আজ শুনানি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে
মোল্লা জসিমউদ্দিন, রাজ্যে পালাবদলের পর কলকাতার বাইরে প্রথম সভা করার কথা ছিল…
