বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স :মোল্লা জসিমউদ্দিন:, শনিবার ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে ‘মূল ষড়যন্ত্রকারী’ উল্লেখ করে বিশেষ আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে ১৪ দিনের এনআইএ হেফাজতের আবেদন জানান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। এনআইএ আদালতের বিচারক সেই আবেদন মঞ্জুর করেছেন।গত বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে তল্লাশি চালানোর পরে অবশেষে শুক্রবার রাতে সোনারপুরের কামালগাজি থেকে এনআইএ-র হাতে গ্রেফতার হন ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শনিবার বিধাননগর হাসপাতালে তাঁর মেডিক্যাল করানোর পরে তোলা হল আদালতে। ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এদিন তাঁকে তোলা হয় আদালতে।এনআইএর পক্ষ থেকে ১৪দিনের রিমান্ড চাওয়া হয়। এদিন হাসপাতাল চত্বরে শওকত মোল্লাকে নিয়ে আসা হলে সেখানেই তাঁকে উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর স্লেগান’। ছোড়া হয় ডিমও। ‘চোর স্লোগান’ ওঠে আদালত চত্বরেও। এনআইএ আধিকারিকেরা যখন শওকত মোল্লাকে আদালতে উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন সেই সময় শওকত মোল্লাকে দেখে এলোপাথাড়ি ডিম ছুঁড়তে থাকেন উপস্থিত ক্ষুব্ধরা।এনআইএ আইনজীবী শ্যামল ঘোষ আদালতকে জানান, ”আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে তদন্ত করছি। ইতিমধ্যেই তিনজন এই মামলায় গ্রেফতার হয়েছে। তদন্তে এই অভিযুক্ত (শওকত) এর ভূমিকা রয়েছে। কেস ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। যিনি জখম হয়েছিলেন তাঁর বয়ানও আছে। ষড়যন্ত্রের মাথা। একটা ফোনও পাওয়া গেছে। ফরেন্সিকে পাঠানো হচ্ছে। ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছে আমাদের তরফে।”অন্যদিকে, শওকত মোল্লার আইনজীবী় বলেন, ”উনি বিধানসভার সদস্য ছিলেন সেই সময়। উনি সেই সময় জেড প্লাস নিরাপত্তা পেতেন। এটা বিশ্বাসযোগ্য যে যিনি জেড প্লাস নিরাপত্তা পান তিনি এই ধরনের অপরাধ করতে পারবেন?’জামিনের আবেদন করছি আমরা। তাঁর দাবি, ”আমরা জামিন চাইছি কারণ প্লেস অব ব্লাস্ট এবং অভিযুক্ত শওকতের বাড়ির দূরত্ব কত? উনি বিস্ফোরণের সময় কি ছিলেন স্পটে? ওনার সাথে এই বিস্ফোরণের কোনও যোগ নেই। ঘটনার সময় উনি ৪০ কিলোমিটার দূরে ওনার বাড়িতে ছিলেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে তাঁর কোনও সম্পর্ক নেই।”জানা গিয়েছে, শওকত সহ চার অভিযুক্তের ফোনের ফরেন্সিক পরীক্ষা করাতে চলেছে এনআইএ। ঘটনার আগে ও পরে তারা একে অপরের সঙ্গে কতবার যোগাযোগ করেছিলেন? জানতেই এই সিডিআর করানো হবে। ঘটনার আগে অন্যতম ষড়যন্ত্রকারী অভিযুক্ত ওহিদুল মোল্লার গতিবিধি ও শওকতের গতিবিধি জানতে টাওয়ার লোকেশন ম্যাপিং করছে এনআইএ। বিস্ফোরণের অন্যতম চক্রী অভিযুক্ত ওহিদুল ইসলাম মোল্লার গোপন জবানবন্দি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে আদালত। ওহিদুলকে এই মামলায় এনআইএ প্রথম গ্রেফতার করেছিল। জেল হেফাজতে থেকে ওহিদুল আদালতে প্রিজনার পিটিশন দাখিল করেন। আদালত সূত্রে খবর, ওহিদুল এই মামলায় গোপন জবানবন্দি দিতে চেয়ে আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করল আদালত। আগামী সোমবার আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেবেন ওহিদুল।এদিন শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল বিশেষ আদালত।