বিশ্ব দর্পণ ওয়েব ডেস্কঃ
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বৃদ্ধি করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দফতর। নবান্নের ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে প্রকাশিত এই নোটিফিকেশন অনুযায়ী বিভিন্ন গ্রুপের চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ ‘A’ পদে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে ৪১ বছর। গ্রুপ ‘B’ পদের ক্ষেত্রে সেই সীমা বেড়ে হয়েছে ৪৪ বছর এবং গ্রুপ ‘C’ ও ‘D’ পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪৫ বছর।
সরকারি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্টেট স্ট্যাটুটরি বডি, সরকারি সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। এই নতুন নিয়ম ১১ মে ২০২৬ থেকে কার্যকর হয়েছে বলেও নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের তরফে বয়সসীমা বৃদ্ধির দাবি উঠছিল। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে বহু চাকরিপ্রার্থী নতুন করে সরকারি চাকরির সুযোগ পাবেন বলেই মনে করা হচ্ছে।
