দেবার্ঘ্য ভট্টাচার্য্য, কাটোয়া
সবুজায়ন ও পরিবেশ রক্ষার বার্তা নিয়ে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্রীড়াবিদদের নিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব। মানুষ ও প্রকৃতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ।
শুক্রবার দাঁইহাট হিন্দু মিলন মন্দির এবং কাটোয়ার থানা রোড, হসপিটাল মোড়-সহ বিভিন্ন জায়গায় রাখি বন্ধন উৎসব পালন করা হয়। এদিন উপস্থিত মানুষজনের হাতে রাখি পরিয়ে দেওয়ার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় এবং সবুজায়ন ও পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরা হয়।
সংগঠনের সম্পাদক সমর দাস বলেন, “মানুষ হোক বা গাছ, পরিবেশে ভ্রাতৃত্ব থাকুক অটুট।” তাঁর কথায়, মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির পাশাপাশি প্রকৃতি ও গাছপালার প্রতিও আমাদের দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তারক চন্দ্র দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ক্রীড়াবিদদের অংশগ্রহণে এই রাখি বন্ধন উৎসব সামাজিক সম্প্রীতির পাশাপাশি পরিবেশ সচেতনতার এক অভিনব বার্তা তুলে ধরে।
