বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক:
বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং বিশেষ করে দরিদ্র মানুষের বাস্তব অবস্থা জানার উদ্দেশ্যে গত ৯ বছর ধরে সাইকেলে বিশ্বভ্রমণ করছেন স্পেনের মানবিক আলোকচিত্রী হোসেয়া (Joseia)। দীর্ঘ এই যাত্রাপথে তিনি ইতিমধ্যেই ৪০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন এবং প্রায় ৭৪ হাজার ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করেছেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গে পৌঁছে এক ভিডিও বার্তায় তিনি জানান, তিনি স্পেনের বাসিন্দা এবং একজন Humanitarian Photographer। তাঁর মূল লক্ষ্য পর্যটন নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখা, তাঁদের সঙ্গে কথা বলা এবং সেই বাস্তব চিত্র ক্যামেরাবন্দি করে বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তাঁর ইংরেজি খুব ভালো নয়। এরপর তিনি জানান, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ঘুরে বর্তমানে তিনি এশিয়ায় ভ্রমণ করছেন। ভারতের বারাণসী, দিল্লি, লাদাখসহ একাধিক জায়গা ইতিমধ্যেই ঘুরে দেখেছেন।
তিনি আরও জানান, ভারত সফর শেষ করে পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, ওমান, দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তাঁর এই দীর্ঘ যাত্রার মূল উদ্দেশ্য মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বের অবহেলিত মানুষের জীবনসংগ্রামকে সকলের সামনে তুলে ধরা।
বিশ্বভ্রমণের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর এই সাহসী ও মানবিক অভিযানের প্রশংসা করছেন বহু মানুষ।
