মোল্লা জসিম উদ্দিন :
কলকাতায় অনুষ্ঠিত হল ইউনানি চিকিৎসা ও আধুনিক ওষুধ গবেষণাকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলন। শুক্রবার সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতা এবং ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল টেকনোলজি বিভাগের বায়ো-ইক্যাভালেন্স স্টাডি সেন্টারের উদ্যোগে আয়োজিত হয় এই বিশেষ সেমিনার।“ইনোভেশনস ইন ইউনানি মেডিসিন ফর ইন্টিগ্রেটিভ ড্রাগ ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল হেলথ কেয়ার” শীর্ষক এই জাতীয় সম্মেলনে ইউনানি চিকিৎসা পদ্ধতির আধুনিকীকরণ, গবেষণা এবং বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় তার ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসা বিজ্ঞানী, গবেষক, অধ্যাপক ও শিক্ষাবিদদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব পায়।সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর চিরঞ্জিব ভট্টাচার্য, কলকাতা ইউনানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার প্রফেসর ডা. মুহাম্মদ আইয়ব, রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট অফ ইউনানি মেডিসিন, কলকাতার ডা. মুহাম্মদ নওয়াব, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্ময় কর্মকার, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন-এর ডা. এন জাহির আহমেদ এবং বিশিষ্ট ইউনানি গবেষক ডা. মুহাম্মদ মসিহুজ্জামান আনসারি।আলোচনায় উঠে আসে ইউনানি চিকিৎসার ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের বিষয়। বিশেষজ্ঞরা জানান, ভবিষ্যতে সমন্বিত ওষুধ গবেষণা এবং আন্তর্জাতিক স্বাস্থ্য পরিষেবায় ইউনানি চিকিৎসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক প্রফেসর সেলিম বক্স মণ্ডল। আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগ ইউনানি চিকিৎসা গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
