বিশ্ব দর্পণ ওয়েব ডেস্কঃ“পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের” পক্ষ থেকে ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সদস্যদের একটি যৌথ প্রতিনিধিদল কাটোয়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কৃষ্ণ ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সংস্থার পক্ষ থেকে বিধায়ককে আন্তরিক শুভেচ্ছা ও সম্মান জ্ঞাপন করা হয়।এই সাক্ষাৎকারে ক্রীড়া, সমাজকল্যাণ এবং যুবসমাজের উন্নয়নে বিধায়কের ইতিবাচক উদ্যোগ ও অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে সংস্থার সদস্যরা। দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া ও শারীরিক সংস্কৃতি সংস্থা জেলার ক্রীড়া উন্নয়ন, বিভিন্ন প্রশিক্ষণ শিবির, প্রতিযোগিতা এবং যুব প্রতিভা গড়ে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সংস্থার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই সৌজন্য সাক্ষাৎ আগামী দিনে ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের স্বার্থে আরও ইতিবাচক সহযোগিতার পথ খুলে দেবে। এদিন কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ খেলাধুলা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী দিনেও খেলোয়াড়দের পাশে থাকার বার্তা দেন।
