নিজস্ব সংবাদদাতা, কাটোয়া:ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৬টায় কাটোয়া বিধানসভার ঘোষহাটের মধাইতলা মোড় সংলগ্ন কালীমন্দির প্রাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে তাঁর জন্মজয়ন্তী পালন করা হয়। হিন্দু সুরক্ষা সমিতির কাটোয়া বিধানসভা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ড. মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে তাঁকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির কাটোয়া বিধানসভা শাখার সভাপতি সুমন সোম, কাটোয়া শাখার আহ্বায়ক পার্থ ভট্টাচার্য্য সহ সংগঠনের অন্যান্য সদস্য ও কর্মীরা।এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পার্থ ভট্টাচার্য্য ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ, আপোষহীন রাজনৈতিক অবস্থান, দেশপ্রেম এবং আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পূর্বাপর সময়ে বাংলার রাজনৈতিক পরিস্থিতিতে ড. মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলার ভবিষ্যৎ নির্ধারণে বিশেষ প্রভাব ফেলেছিল।বক্তারা আরও দাবি করেন, ১৯৪৭ সালের দেশভাগের সময় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগ ও রাজনৈতিক লড়াইয়ের ফলেই হিন্দু অধ্যুষিত পশ্চিমাঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হয় এবং বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যের সৃষ্টি সম্ভব হয়। তাঁদের বক্তব্য অনুযায়ী, সেই সময় তাঁর দৃঢ় অবস্থান না থাকলে সমগ্র বাংলা তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হতে পারত এবং কলকাতাসহ পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক ও রাজনৈতিক অবস্থান সম্পূর্ণ ভিন্ন হতে পারত।সভায় উপস্থিত বক্তারা আরও মত প্রকাশ করেন যে, ড. মুখোপাধ্যায়ের ভূমিকার ফলে বাংলার একটি অংশ ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় অসংখ্য মানুষের নিরাপত্তা, সাংস্কৃতিক পরিচয় এবং ভারতীয় নাগরিকত্ব সুরক্ষিত হয়। তাঁর দেশপ্রেম, আদর্শ এবং আত্মত্যাগ আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও তাঁরা উল্লেখ করেন।শেষে উপস্থিত সকলেই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার করেন এবং জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সমাজসেবার বার্তা তুলে ধরেন
