ছবি – সঞ্চিতা হাজরা
সংবাদ: কবিরুল ইসলাম
কাটোয়া, পূর্ব বর্ধমান: কাটোয়া শহরে ইসকনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মহাসংকীর্তন শোভাযাত্রা। ভক্তিমূলক এই শোভাযাত্রায় প্রায় ১,০০০ থেকে ১,২০০ জন ভক্ত অংশগ্রহণ করেন। হরিনাম সংকীর্তন, খোল-করতালের ধ্বনি এবং ভক্তদের উচ্ছ্বাসে এদিন মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা।
শোভাযাত্রাটি কাটোয়া ইসকন মন্দির থেকে শুরু হয়ে কে.ডি.আই. মোড়, মিউনিসিপ্যালিটি মোড়, কাছারি রোড, স্টেশন বাজার মোড়, এস.এস. রোড হয়ে ঘোষেশ্বরতলা মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে বহু মানুষ এই শোভাযাত্রা উপভোগ করেন এবং ভক্তদের সঙ্গে হরিনাম সংকীর্তনে অংশ নেন।
এই অনুষ্ঠানের টোটাল ইনচার্জ ছিলেন তন্ময় প্রভু, যিনি মায়াপুর থেকে কাটোয়ায় এসেছেন। জানা যায়, কাটোয়ার ইসকন কেন্দ্রটি শ্রীধাম মায়াপুর ইসকনের একটি শাখা, এবং সেখানকার নির্দেশনা ও তত্ত্বাবধানেই বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পরিচালিত হয়।
ইসকনের পক্ষ থেকে জানানো হয়, হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভক্তিভাবের প্রসার ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। শোভাযাত্রা চলাকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ভক্তদের বিপুল উপস্থিতি ও শহরবাসীর আন্তরিক অংশগ্রহণে কাটোয়ার এই মহাসংকীর্তন শোভাযাত্রা এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি করে এবং ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।
