বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক
কাটোয়া, পূর্ব বর্ধমান: আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে কাটোয়ায় অনুষ্ঠিত হলো এক বিশেষ দাবা সেমিনার। কাটোয়া চেস একাডেমির পরিচালনায় এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রবিবার কাটোয়া সুবোধ স্মৃতি রোডে এই সেমিনারের আয়োজন করা হয়।
এই সেমিনারে পাঁচ বছর বয়সী শিশু থেকে শুরু করে ১৮ বছরের ঊর্ধ্বে মোট ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। দাবা খেলার প্রতি নতুন প্রজন্মকে আরও আগ্রহী ও অনুপ্রাণিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলীর জীবন ও সাফল্যকে কেন্দ্র করে নির্মিত একটি অনুপ্রেরণামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উপস্থিত ছাত্র-ছাত্রীরা অত্যন্ত আগ্রহের সঙ্গে সেই চলচ্চিত্র উপভোগ করেন এবং দাবা খেলার নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন।
পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, দাবা একটি মেধাভিত্তিক খেলা। ছোটবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে এই খেলার প্রতি আগ্রহ তৈরি করা এবং তাদের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ করে দেওয়াই এই সেমিনারের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, আগামী দিনে জেলার বিভিন্ন প্রান্তে দাবা প্রশিক্ষণ শিবির ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক পড়ুয়া এই খেলার সঙ্গে যুক্ত হতে পারে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাবা প্রশিক্ষক ত্রিবিক্রম ব্যানার্জি, সৌজাত্য দাস, পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তারকচন্দ্র দে-সহ জেলার ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরাও। তাঁদের মতে, দাবা শুধু একটি খেলা নয়, এটি শিশুদের মনোযোগ, ধৈর্য, বিশ্লেষণ ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক দাবা দিবসে এমন একটি উদ্যোগ কাটোয়ার ক্রীড়া ও শিক্ষামহলে বিশেষ তাৎপর্য বহন করছে।
