দেবার্ঘ্য ভট্টাচার্য্য, কাটোয়াকলকাতায় অনুষ্ঠিত হলো প্রথম সর্বভারতীয় পুলিশ মিট ও অল-স্টাইল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।

পশ্চিমবঙ্গ ধমিকা কাই শিতো রিউ কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন ক্যারাটে সংস্থার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।জানা গিয়েছে, পাঞ্জাব ব্যাটেলিয়ন, বিএসএফ, আসাম পুলিশ, ত্রিপুরা, মণিপুর, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য ও বাহিনীর প্রতিযোগীরা এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন। সব মিলিয়ে প্রায় ৪৮০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এই প্রতিযোগিতায় কাটোয়া থেকেও ছয়জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। কাতা ও কুমিতে—দুটি বিভাগেই প্রতিযোগিতায় অংশ নিয়ে কাটোয়ার প্রতিযোগীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। কাতা বিভাগে ২টি ব্রোঞ্জ ও ৪টি সোনা, আর কুমিতে বিভাগে ১টি রুপো ও ৫টি সোনা অর্জন করেছেন তাঁরা। কাটোয়ার প্রতিযোগীদের এই সাফল্যে খুশি ক্রীড়ামহল।প্রতিযোগিতার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ডঃ বিমল রায়। তিনি প্রাক্তন পরিচালক, পরিবহন ইনস্টিটিউট এবং পশ্চিমবঙ্গ ধমিকা কাই শিতো রিউ কারাতে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি দে, আইপিএস, অতিরিক্ত পুলিশ কমিশনার, কলকাতা; সৌভিক চক্রবর্তী, ফুটবলার ও টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং সুদীপ্ত ভট্টাচার্য।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিযোগিতার সূচনা হয়। রাজ্য পুলিশ, কেন্দ্রীয় বাহিনী, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন বেসরকারি ক্যারাটে অ্যাকাডেমির প্রতিযোগীদের অংশগ্রহণে প্রতিযোগিতা হয়ে ওঠে জমজমাট।কাটোয়ার ছয় প্রতিযোগীর এই সাফল্য শুধু তাঁদের ব্যক্তিগত অর্জন নয়, গোটা কাটোয়া তথা পূর্ব বর্ধমানের ক্রীড়াক্ষেত্রের জন্যও গর্বের বিষয়। ক্যারাটের মতো শারীরিক ও আত্মরক্ষামূলক খেলায় জেলার ছেলেমেয়েদের এই সাফল্য আগামী দিনে আরও নতুন প্রতিভাকে উৎসাহিত করবে বলেই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা।

