দেবার্ঘ্য ভট্টাচার্য্য, কাটোয়া
রাখি পূর্ণিমা উপলক্ষে সান ঘোষপাড়া ড্রিম ক্যানভাস স্কুলে উৎসাহ ও আনন্দের সঙ্গে পালিত হলো রাখি বন্ধন উৎসব। সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, ভালোবাসা এবং সুস্থ সমাজ গড়ার বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে স্কুলের পক্ষ থেকে নেওয়া হয় বিশেষ উদ্যোগ।

উৎসব উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে আয়োজন করা হয় একটি পদযাত্রার। হাতে রাখি ও বিভিন্ন বার্তাবাহী প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রায় অংশ নেয় পড়ুয়ারা। সুস্থ, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানিয়ে এলাকার মানুষকে সচেতন করা হয়।
পদযাত্রার পাশাপাশি পথ চলতি মানুষ এবং ছাত্রছাত্রীদের হাতে রাখি পরিয়ে তাঁদের ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করা হয়। একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, রাখি বন্ধন শুধুমাত্র ভাই-বোনের সম্পর্কের উৎসব নয়। এই দিনটি মানুষের সঙ্গে মানুষের বন্ধন আরও দৃঢ় করার, বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এবং সমাজে সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
ছোট ছোট পড়ুয়াদের এই উদ্যোগে পথ চলতি মানুষও উৎসাহের সঙ্গে সাড়া দেন। তাঁদের হাতে রাখি পরিয়ে সুস্থ সমাজ, সুন্দর পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া হয়।
সব মিলিয়ে রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে সান ঘোষপাড়া ড্রিম ক্যানভাস স্কুলের এই উদ্যোগ হয়ে উঠল এক সুন্দর সামাজিক বার্তাবাহী অনুষ্ঠান। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে পদযাত্রা ও রাখি বন্ধনের মাধ্যমে “ভালোবাসার বন্ধন অটুট থাকুক, গড়ে উঠুক সুস্থ ও সম্প্রীতিময় সমাজ”— এই বার্তাই ছড়িয়ে পড়ে সর্বত্র।
