বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স
কাটোয়া, পূর্ব বর্ধমান:
বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করলেন কাটোয়ার ঘুটকে পাড়ার বাসিন্দা, কাটোয়া আনন্দ সংঘের সদস্য এবং পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং দলের প্রতিনিধি ৭৪ বছরের অনাদি গোপাল দাস। খেলার প্রতি অদম্য ভালোবাসা, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের জোরে তিনি জাতীয় মঞ্চে সাফল্যের নতুন নজির গড়লেন।
গত ১৮ থেকে ২৩ জুলাই, ২০২৬ মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের গরখেড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত সর্বভারতীয় মাস্টার্স–৪ পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় ৫৯ কেজি বডি ওজন বিভাগে অংশগ্রহণ করেন অনাদি গোপাল দাস। প্রতিযোগিতায় তিনি মোট ২২৫ কেজি ওজন উত্তোলন করে তৃতীয় স্থান অধিকার করেন এবং ব্রোঞ্জ পদক জিতে পূর্ব বর্ধমান তথা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেন।
পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস জানান, এটি অনাদি গোপাল দাসের চতুর্থ সর্বভারতীয় প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য। তাঁর এই ধারাবাহিক কৃতিত্ব জেলার ক্রীড়া মহলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
প্রতিযোগিতা শেষে কাটোয়ায় ফিরে এলে অনাদি গোপাল দাসকে সংবর্ধনা জানান পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন এবং পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন-এর সদস্যরা। ফুলের তোড়া ও শুভেচ্ছায় তাঁকে অভিনন্দিত করা হয়।
৭৪ বছর বয়সেও তাঁর এই অসাধারণ সাফল্য তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে—স্বপ্ন, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে বয়স কখনও সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না।

