কবিরুল ইসলাম, কাটোয়া
ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার বার্তা নিয়ে কাটোয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো রাখি বন্ধন উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রিনা ঘোষ, বিধায়ক কৃষ্ণ ঘোষ, পৌরসভার এক্সিকিউটিভ অফিসার চঞ্চলবাবু, তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জী এবং কাটোয়া মহকুমার উপশাসক শ্রী সুমিত সরকার।
এদিনের অনুষ্ঠানে কাটোয়ার বিশিষ্ট গুণীজনদের পাশাপাশি বেশ কয়েকজন সাংবাদিকও উপস্থিত ছিলেন। রাখি পরানো, মিষ্টিমুখ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর।
অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত, বাউল গান এবং রবীন্দ্রনৃত্য। নাচ-গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি একে অপরের হাতে রাখি পরিয়ে দেওয়া হয় এবং মিষ্টিমুখ করানো হয়।
রাখি বন্ধনের এই আয়োজনের মধ্য দিয়ে জাতি, ধর্ম ও সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই এই সুন্দর সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
