কাটোয়ার ফরিদপুর কলোনির অমূল্য মৈত্র লিফটিং একাডেমিতে অনুষ্ঠিত হল ১০তম পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেস প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং অমূল্য মৈত্র লিফটিং একাডেমির সহযোগিতায় রবিবার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পূর্ব বর্ধমান জেলার চারটি মহকুমা থেকে ১৪ থেকে ৭০ বছর বয়সী প্রতিযোগীরা পাঁচটি বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ১৮০ জন খেলোয়াড় অংশ নেন।
জেলা পাওয়ার লিফটিং সংস্থার সম্পাদক সমর দাস জানান, জাতীয় প্রতিযোগিতায় পদকজয়ী জেলার দুই খেলোয়াড় দিয়া রায় ও আনাদি গোপাল দাসকে সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পাওয়ার লিফটিং ও বেঞ্চ প্রেস প্রতিযোগিতায় দলগত বিজয়ী হয় বর্ধমান অক্সিজেন জিম। অন্যদিকে বেস্ট অ্যাচিভমেন্ট ট্রফি জয় করেন সমুদ্রগড় কে নাইন ফিটনেস জিম। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়াবিদ অজয় কুমার মণ্ডল, ডক্টর অনির্বাণ মিশ্র, সভাপতি দীনেশ কুমার আগরওয়াল, তারক চন্দ্র দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতে প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

