বনি সিংহ : ঘুটিয়ারী শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের উদ্যোগে এবং সৈয়দ শাহ গাজী মোবারক সাহেবের স্মরণে শিক্ষক দিবস উদযাপন হলো স্কুল প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজসেবী, সাহিত্যিক সহ একাধিক আইনজীবী ও গুণীজনেরা। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন সেচ ও জলসম্পদ মন্ত্রী সুভাষ নস্কর, বিশিষ্ট সাংবাদিক ইবাদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষক ও সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন কাসেমী, সাইদুল ইসলাম, আইনজীবী মাসুদ করিম ও মোস্তাফিজুর রহমান, শিক্ষক বিমলেন্দু চক্রবর্তী, ডঃ ইয়ারাব, হোসেন রাশেদা পারভীন, ফজলুর রহমান জমাদার, শিক্ষক আব্দুর রশিদ, মির ক্লিনিক নার্সিংহোম এর প্রতিষ্ঠাতা নুর ইসলাম মির, সাংবাদিক আসিফ রেজা, শিশু বিকাশ একাডেমীর প্রতিষ্ঠাতা মফিজুল খান,রাজু ডাক্তার,রোজ হেভেন স্কুলের প্রতিষ্ঠাতা মঞ্জুয়ারা লস্কর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে হাসিবুর রহমান সাহেব বলেন এলাকার গরিব, দুঃস্থ এবং অবহেলিত স্টেশনে ভিক্ষা করে, মা বাবা নেই এবং যাদের মায়েরা পরিচারিকার কাজে সকালে বেরিয়ে রাতে ফেরেন বাচ্চারা ঘরবন্দী হয়ে থাকে, আবার কেউ বা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় ঠিকমতো খাওয়া হয়না আবার পড়াশোনা করতে পারে না একমাত্র তাদেরকেই এই আশ্রমে লালন পালন করা হয়। এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দিয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নেয়া হয়েছে সৈয়দ শাহ গাজী মোবারক সাহেবের নামে। এদিনের অনুষ্ঠানে বাসন্তীর মেধাবী ছাত্রী সেলিমা মুল্লাহ সহ অনাথ শিশুদের সম্মাননা জানানো হয় এবং এছাড়া এলাকার প্রবীণ শিক্ষক, বিশিষ্ট জন এবং নিট উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ডাক্তারদেরও এদিন সংবর্ধনা দেয়া হয়।
