প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট
পূর্বস্থলীর কমলনগর গঙ্গার ঘাটে স্নান করতে নেমে ভাগীরথীর জলে তলিয়ে নিখোঁজ হয়ে গেল এক অষ্টম শ্রেণির ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ছাত্রীর নাম রিয়া মন্ডল। সে লক্ষ্মীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে পূর্বস্থলী থানার অন্তর্গত মাজিদা গ্রাম পঞ্চায়েতের কমলনগর গঙ্গার ঘাটে নিজের বোনের সঙ্গে স্নান করতে নামে রিয়া। স্নানের সময় অসাবধানতাবশত হঠাৎ গভীর জলে তলিয়ে যায় সে। রিয়াকে ডুবে যেতে দেখে তার বোন চিৎকার করে ঘাটে থাকা মানুষজনকে ডাকতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামলেও ততক্ষণে নদীর জলে হারিয়ে যায় রিয়া।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এলাকায় পৌঁছায় ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। শনিবার বিকেল থেকেই শুরু হয় তল্লাশি অভিযান। আজ রবিবারও নদীতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের কর্মীরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রিয়ার কোনো সন্ধান মেলেনি।
ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। পরিস্থিতির ওপর নজর রাখতে আজ রবিবার দুপুরে ঘটনাস্থলে যান পূর্বস্থলী থানার আইসি সুপ্রিয় রঞ্জন মাঝি। পুলিশ ও প্রশাসনের তরফে উদ্ধারকাজে সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
