ছবি: সঞ্চিতা হাজরা
কবিরুল ইসলাম, কেতুগ্রাম:
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত পাচুন্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জেলাপরিষদ পরিচালিত সরকারি বাণিজ্যিক কেন্দ্র তথা বাজার কমপ্লেক্সে সোমবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শ্রী অনাদি ঘোষ। তিনি আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দেশপ্রেম, শিক্ষা, সমাজচিন্তা এবং জাতীয় জীবনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, তাঁর আদর্শ ও কর্মধারা বর্তমান প্রজন্মের কাছে আজও প্রাসঙ্গিক এবং সমাজ গঠনে অনুপ্রেরণার উৎস।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের সদস্য এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
