বিশ্বদর্পণ ওয়েবডেস্ক,মোল্লা জসিমউদ্দিন:
তীব্র গরম ও ক্রমবর্ধমান বিশ্ব উষ্ণায়নের প্রভাব যখন বাংলা-সহ গোটা দেশের মানুষের দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করছে, ঠিক সেই সময় পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শুক্রবার সকালে কলকাতার পিজি হাসপাতাল সংলগ্ন পিটিএস (পুলিশ ট্রেনিং স্কুল) চত্বরে মহাসমারোহে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস।
এই কর্মসূচিতে কলকাতা পুলিশের বহু উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন ডি.পি. সিং, শুভঙ্কর সিনহা সরকার, সন্তোষ পান্ডে-সহ অন্যান্য আধিকারিকরা। পরিবেশ সংরক্ষণের অঙ্গীকারকে আরও জোরদার করতে উপস্থিত পুলিশ কর্মীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডি.পি. সিং বলেন, “বিশুদ্ধ অক্সিজেন এবং সুস্থ-সুন্দর পরিবেশ পেতে হলে আমাদের প্রত্যেকেরই বেশি করে গাছ লাগানো এবং সেই গাছের যত্ন নেওয়া উচিত। পরিবেশ রক্ষার এই দায়িত্ব সমাজের সকলের।”
বক্তারা জানান, নির্বিচারে গাছ কাটা, নগরায়ণ এবং পরিবেশ দূষণের ফলে বিশ্ব উষ্ণায়নের সমস্যা দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণ ও সবুজায়নের বিকল্প নেই।
আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই বিশেষ অরণ্য সপ্তাহ পালনের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়েছে। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বৃহত্তর সবুজায়নের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
