বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক:শিক্ষকদের অধিকার, কর্মনিরাপত্তা এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়কে সামনে রেখে কাটোয়া মহকুমা কমিটির উদ্যোগে UUPTWA-এর প্রতিনিধিদল ২ জুলাই ২০২৬ তারিখে কাটোয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণ ঘোষ-এর কার্যালয়ে এক আন্তরিক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।সাক্ষাতের শুরুতেই সংগঠনের পক্ষ থেকে বিধায়ককে পুষ্পস্তবক, উত্তরীয় এবং একটি চারাগাছ উপহার দিয়ে সম্মান জানানো হয়। পরে প্রতিনিধিদল ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সুপ্রিম কোর্টের টেট-সংক্রান্ত রায়ের পর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের বহু শিক্ষক-শিক্ষিকার জীবন-জীবিকা, কর্মনিরাপত্তা এবং সামাজিক মর্যাদাকে ঘিরে যে অনিশ্চয়তা ও সংকট তৈরি হয়েছে, সেই বিষয়টি বিস্তারিতভাবে তাঁর সামনে তুলে ধরেন।এ সময় একটি লিখিত দাবিপত্রও বিধায়কের হাতে তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, যাতে তিনি আসন্ন বিধানসভা অধিবেশনে বিষয়টি গুরুত্ব সহকারে উত্থাপন করে শিক্ষকদের স্বার্থরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন।ব্যস্ত কর্মসূচির মধ্যেও বিধায়ক কৃষ্ণ ঘোষ দীর্ঘ সময় ধরে প্রতিনিধিদলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক নানা বিষয় উঠে আসে। সংগঠনের সদস্যদের দাবি, বিধায়ক সমাজের বৃহত্তর স্বার্থে কাজ করে চলা UUPTWA-এর বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও গঠনমূলক সহযোগিতার আশ্বাস দেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই সৌজন্য সাক্ষাৎ কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও ইতিবাচক আলোচনার মধ্য দিয়ে জনস্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতার প্রতিফলন ঘটেছে। প্রতিনিধিদলও জানায়, দলীয় মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণের স্বার্থে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমাজের পাশে থাকার অঙ্গীকার তারা ভবিষ্যতেও বজায় রাখবে।শেষে কাটোয়া মহকুমা কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা এবং কাটোয়া গাছ গ্রুপ-এর সদস্যদের ধন্যবাদ জানানো হয়। সংগঠনের আহ্বান, সমাজকল্যাণমূলক কাজে সকলকে একসঙ্গে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে মানবসেবার পথকে আরও সুদৃঢ় করতে হবে।

