
কাটোয়া, পূর্ব বর্ধমান: ইন্টারন্যাশনাল বুদোকাই কান ক্যারাটে-ডু ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো মর্যাদাপূর্ণ ব্ল্যাক বেল্ট পরীক্ষা। এই পরীক্ষায় পূর্ব বর্ধমান জেলার ২৮টি শাখার প্রশিক্ষণপ্রাপ্ত ক্যারাটে খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। দীর্ঘদিনের কঠোর অনুশীলন, নিয়মানুবর্তিতা ও দক্ষতার পরিচয় দিয়ে পরীক্ষার্থীরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেন।
পূর্ব বর্ধমান জেলা বুদোকাই কান ক্যারাটে-ডু অ্যাসোসিয়েশনের সম্পাদক তারক চন্দ্র দে জানান, এবারের ব্ল্যাক বেল্ট পরীক্ষায় মোট ১৭ জন ছেলে ও মেয়ে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে কাটোয়া মহকুমা থেকে ৭ জন ক্যারাটে খেলোয়াড় অংশ নেন। তিনি বলেন, জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বহু প্রতিভাবান খেলোয়াড় উঠে আসছেন। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরেও জেলার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য খেলোয়াড় তৈরি হবে বলে তিনি আশাবাদী।
রবিবার কাটোয়ার পঞ্চাননতলা টাউন ক্লাবে এক সাড়ম্বরে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ব্ল্যাক বেল্ট পরীক্ষায় উত্তীর্ণদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুরেশ সরকার, গোরাচাঁদ ভট্টাচার্য এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সমর দাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমর দাস বলেন, শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নয়, ক্যারাটে একজন শিক্ষার্থীর মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে। জেলার বিভিন্ন প্রান্তে ক্যারাটে প্রশিক্ষণের প্রসার ঘটায় আজ বহু ছেলে-মেয়ে এই খেলায় সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করছে। তাঁদের এই সাফল্য আগামী দিনে আরও অনেক নতুন প্রজন্মকে ক্যারাটে শেখার জন্য উৎসাহিত করবে।
অনুষ্ঠির শেষে সফল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের আগামী দিনের সাফল্য কামনা করা হয়। উপস্থিত অতিথিরাও প্রত্যেক সফল ক্যারাটেকাকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে আরও বড় মঞ্চে জেলার মুখ উজ্জ্বল করার আহ্বান জানান। এই অনুষ্ঠানকে ঘিরে খেলোয়াড়, অভিভাবক ও প্রশিক্ষকদের মধ্যে ছিল উৎসবের আবহ, যা জেলার ক্রীড়া আন্দোলনের অগ্রগতির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


