বিশ্ব দর্পণ ওয়েব ডেস্ক
গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ এবং ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করলেন কাটোয়ার ক্রীড়াবিদরা। মাই ভারত, পূর্ব বর্ধমানের সহযোগিতায় এবং পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের পরিচালনায় শুক্রবার এই কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সম্পাদক সমর দাস জানান, কাটোয়ার কাশীগঞ্জপাড়া গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখার বিষয়ে সচেতনতা কর্মসূচিও পালন করা হয়।
এই কর্মসূচিতে সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য দুই ‘সমাজবন্ধু’ সাধন হেমব্রম ও নেহেস টুডুকে সংবর্ধিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়দেব দত্ত, তারক চন্দ্র দে-সহ বিশিষ্ট ব্যক্তিরা। ক্রীড়াবিদদের এই উদ্যোগকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও উৎসাহ দেখা যায়।