সরকারি দপ্তরের দৈনন্দিন কাজের ব্যস্ততার মাঝেও নিজেদের সঞ্চিত অর্থে দুর্গাপুজোর আয়োজন করে নজির গড়েছেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরের কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা। তাঁদের উদ্যোগে বসিরহাটের বোটঘাট সংলগ্ন এলাকায় দ্বিতীয় বছরে পদার্পণ করল ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির দুর্গোৎসব।
মূলত মহিলাদের পরিচালনায় আয়োজিত এই পুজো শুধু উৎসবের আনন্দে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক দায়বদ্ধতাও। সারা বছর সরকারি পরিষেবা সচল রাখার দায়িত্ব সামলে নিজেদের মতো করে উৎসব পালনের সুযোগ খুব একটা পান না কর্মচারীরা। সেই ভাবনা থেকেই নিজেদের জমানো অর্থে দুর্গাপুজোর আয়োজনের উদ্যোগ নেন তাঁরা।
উদ্যোক্তাদের মতে, নিজেদের সঞ্চিত অর্থে পুজোর আয়োজন করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। এই দুর্গোৎসবের মধ্য দিয়ে বসিরহাটের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের অন্যতম লক্ষ্য।
পুজো মণ্ডপে থাকছে সাবেকি প্রতিমা ও দৃষ্টিনন্দন সাজসজ্জা। পাশাপাশি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের আদলে তৈরি বিগ্রহও দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।
উৎসবের আনন্দ সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে ভাগ করে নিতেও বিশেষ উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। দুর্গাপুজো উপলক্ষে নিজেদের সঞ্চিত অর্থ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল শতাধিক মহিলার হাতে শাড়ি তুলে দেওয়া হয়েছে।
সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের যুক্ত রেখে ঐক্যতান সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এই উদ্যোগ সম্প্রীতি ও মানবিকতার এক সুন্দর বার্তা বহন করছে।