রাজ্য
রাজ্যে ১ লক্ষ চাকরির লক্ষ্যমাত্রা, ১৪,৪৫৪ পদে নিয়োগের অনুমোদন
ছবি: social news xyz
বিশ্ব দর্পণ ওয়েব ডেক্স
কলকাতা: পুজোর মুখে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে মোট ১ লক্ষ সরকারি চাকরি দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে বিভিন্ন সরকারি দফতরে ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা।
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, নতুন অনুমোদিত পদগুলিতে পাবলিক সার্ভিস কমিশন এবং রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, আইন, গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র, বন, দমকল ও জরুরি পরিষেবা, সংশোধনাগার এবং স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দফতর-সহ একাধিক ক্ষেত্রে নিয়োগ হবে।
এছাড়াও কলকাতা পুলিশ, মহিলা রাজ্য পুলিশ রিজার্ভ ফোর্স, আদালতের জিআর শাখা, মহিলা পুলিশ স্টেশন এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির বিভিন্ন পদও এই নিয়োগের আওতায় রয়েছে।
সরকারের তরফে জানানো হয়েছে, নতুন অনুমোদিত ১৪ হাজার ৪৫৪টি পদের নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু হবে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে বিভিন্ন স্তরের পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এর পাশাপাশি পুলিশ নিয়োগ নিয়েও বড় ঘোষণা করা হয়েছে। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ মিলিয়ে ১২ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। যাঁদের মেডিক্যাল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যাবে, তাঁদের মধ্যে প্রথম দফার প্রার্থীদের আগামী ১১ অক্টোবর নিয়োগপত্র দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চলতি অর্থবর্ষে এক লক্ষ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই লক্ষ্য পূরণের দিকে সরকার এগোচ্ছে। পুজোর আগে একসঙ্গে নতুন নিয়োগের এই ঘোষণায় সরকারি চাকরিপ্রার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয়েছে।